নাটোরে কৃষক নির্যাতনকারী সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি: সংগ্রহীত
নাটোরে কৃষক নির্যাতনকারী লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার নাটোর জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়েকদিন আগে নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে কৃষক শহিদুল ইসলাম (৫৫) ত্রাণ চেয়ে ৩৩৩ হটলাইন নম্বরে ফোন দেন। পরে ১২ এপ্রিল শহিদুল ইসলামকে বাড়ি থেকে নিজ কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে মারধর করেন। এই অভিযোগে ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এর প্রেক্ষিতে পুলিশ তাকে আজ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
এদিকে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি জানান, অভিযুক্ত চেয়ারম্যানকে ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বরখাস্তের প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সূত্রঃঃR tv

Comments
Post a Comment